সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কান্দাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের মন্টু আকন্দের ছেলে মমরাজ আকন্দ (২৭), সেলিম হোসেনের ছেলে আলিফ হাসান (১৫), মুন্নি খাতুন (৩০), মরিয়ম বেগম (৫৫) ও সাথী বেগম (৩৩)।
জানা যায়, রবিবার দুপুরে কান্দাপাড়া মধ্যপাড়ার কুরমান আলীর থেকে লিজ নেওয়া পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচ করতে থাকে মমরাজ ও মন্টু আকন্দ। পরে কান্দাপাড়া এলাকার মৃত তফিজ মন্ডলের ছেলে স্বপন (৪৮), শিপন (৪৪) ও জাহাঙ্গীরসহ (৪০) আরও ৫-৬ জন মিলে তাদেরকে লোহার রড দিয়ে পেটাতে থাকে। পরে তাদের চিৎকারে মুন্নি খাতুন ও তার মা মরিয়ম বেগম মারপিটে বাধা দিতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে এবং পুকুরে থাকা ২৫ হাজার টাকার মাছ ও জাল নিয়ে যায়। যাওয়ার সময় ভুক্তভোগীদের হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মাছ ধরা নিয়ে মারামারির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
