সিরাজগঞ্জে মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ত সরকারিভাবে ইজারার দাবিতে মানববন্ধন করেছেন মৎস্য আড়তদার, ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২০ জুলাই) দুপুরে কুতুবের চর মৎস্য আড়তের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মৎস্য ব্যবসার প্রসার এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ২০২৩ সালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে কুতুবের চর এলাকায় ‘কুতুবের চর মৎস্য আড়ত সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে মৎস্য আড়তটি প্রতিষ্ঠা করা হয়। আড়ত নির্মাণের জন্য ব্যবসায়ীরা ৩০ শতক জমি সরকারকে লিখে দেন। এরপর থেকে চলনবিল অঞ্চলের মাছচাষীরা নিয়মিত এই আড়তে মাছ বিক্রি করছেন এবং এখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করা হচ্ছে।
তারা অভিযোগ করেন, তিন বছর ধরে আড়তটি পরিচালিত হলেও এখনো সরকারিভাবে ইজারার ব্যবস্থা করা হয়নি। ফলে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি আড়তেরও কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। ব্যবসায়ী, মৎস্যচাষী ও শ্রমিকদের স্বার্থে দ্রুত আড়তটি ইজারার আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন কুতুবের চর মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি ফজলার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৎস্য আড়তদার আলামিন হোসেন, বকুল হোসেন, আইয়ুব আলী ও ইউসুফ আলী।
এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, হাটের জন্য ৩০ শতক জমি সরকারকে হস্তান্তর করা হয়েছে। হাটটিকে পেরিফেরিভুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে ইজারার ব্যবস্থা নেওয়া হবে। ততদিন পর্যন্ত বর্তমান ব্যবস্থাপনাতেই আড়তের কার্যক্রম চলবে।
