সিরাজদিখান-বালুচর সড়কে ঝুঁকিপূর্ণ গর্ত, দুর্ঘটনার শঙ্কা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা ও নতুন ভাষানচর গ্রামের মধ্যবর্তী সিরাজদিখান-বালুচর সড়কে বড় আকারের একটি গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের মাঝখানে তৈরি হওয়া এই গর্ত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, গর্তটি গভীর হওয়ায় স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে গাছের ডালপালা ও ইট দিয়ে অস্থায়ীভাবে সতর্কীকরণ চিহ্ন বসিয়েছেন। তবে রাতের অন্ধকার কিংবা বৃষ্টির সময় গর্তটি সহজে চোখে পড়ে না। এতে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন এবং পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে গর্তটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবিলম্বে গর্তটি সংস্কার করে সড়কটি যান চলাচলের উপযোগী করা হোক।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের জীবন রক্ষায় দ্রুত সড়কটি মেরামত করা জরুরি।

এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফউল্লাহ বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। প্রয়োজনীয় জনবল দিয়ে দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights