সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক
সিরিয়ায় দীর্ঘ সময় ধরে চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার পর দেশটির পুনর্গঠন ও উত্তরণের পথ সুগম করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার ব্রাসেলসে এক বিবৃতিতে ইইউ জানায়, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির জনগণের স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়াকে সহযোগিতা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা এর আগেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছান, যার ভিত্তিতেই এ সিদ্ধান্ত কার্যকর হয়।

তবে ইইউ পরিষদ (Council of the EU) জানায়, বাশার আল-আসাদের প্রশাসনের সঙ্গে সরাসরি জড়িত সংস্থা ও ব্যক্তিদের ওপর যেসব নিরাপত্তাভিত্তিক নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো বহাল থাকবে। পাশাপাশি চলতি বছরের মার্চ মাসে সিরিয়ায় সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত নতুন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার ভেতরকার পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত থাকবে এবং মানবাধিকার লঙ্ঘন বা অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন যেকোনো পক্ষের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

ইইউর এই পদক্ষেপ সিরিয়ার পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠায় একটি বড় দৃষ্টান্ত হতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights