সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

উত্তর সিরিয়ার একটি পরিত্যক্ত সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার পেছনে যে গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছিল, তা ভুল ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া-ইরাকবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক শনিবার এ তথ্য জানিয়েছেন।

পূর্ব ইদলিব প্রদেশের পরিত্যক্ত আবু আল-দুহুর সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ব্যারাক বলেন, কেন এই হামলা চালানো হয়েছে, তা তিনি জানেন না। তবে এ বিষয়ে তাকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা তিনি প্রকাশ করতে পারেন।

ব্যারাক জানান, ইসরায়েল এমন গোয়েন্দা তথ্য পেয়েছিল যে তুরস্ক সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে সামরিক সরঞ্জাম স্থানান্তর করতে পারে। ইসরায়েল ওই তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করেছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরে ওই গোয়েন্দা তথ্য যাচাই করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে পরামর্শের পর তারা জানতে পারে, তুরস্ক ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম স্থানান্তর করছে—এমন দাবির সত্যতা নেই।

ব্যারাকের ভাষ্য, ইসরায়েলি সেনাবাহিনী, দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ‘যোগাযোগের ভুল বোঝাবুঝি’ থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা তুরস্ক—কাউকেই আগে থেকে জানানো হয়নি।

তুরস্কের সামরিক বাহিনীর প্রশংসা করে ব্যারাক বলেন, দেশটির সেনাবাহিনী ‘শক্তিশালী ও সাহসী’। এটি অত্যন্ত সুসজ্জিত এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে ভালোভাবে অবগত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার কার্যালয় দাবি করেছিল, তুর্কি সেনারা ওই সামরিক ঘাঁটিতে অবস্থান নেয়ার চেষ্টা করছিল এবং দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সেখানে সামরিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর সিরিয়ার পূর্ব ইদলিব প্রদেশের পরিত্যক্ত আবু আল-দুহুর সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায়।

সিরিয়ার এক কর্মকর্তা জানান, ইসরায়েলি যুদ্ধবিমান ঘাঁটিটিতে আটটি হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল রানওয়ে এবং একটি হ্যাঙ্গারের ভেতরে থাকা নিষ্ক্রিয় একটি স্থাপনা। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights