সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন সফলের আহ্বান
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রায় দেড় যুগ পর ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলন করতে যাচ্ছে সিলেট জেলা জামায়াত।
আগামী শুক্রবার সকাল ১০টায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন ঘিরে জামায়াতের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। সম্মেলন সফলে উপজেলা পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে দাওয়াতী কার্যক্রম।
এদিকে, কর্মী সম্মেলনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে সিলেটের সাংবাদিকদের সাথে মতবনিমিয় করেন জেলা জামায়াত নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সম্মেলন সফলে সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এর সম্পূর্ণ কৃতিত্ব ছাত্র-জনতার। তাদের এই আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
