সিলেটে ফের ট্রাকভর্তি ভারতীয় চিনির চালান আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে ফের ট্রাকভর্তি ভারতীয় চিনির চালান আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া এলাকা থেকে প্রায় ৮ লাখ টাকার চিনির চালানটি আটক করা হয়েছে। এসময় দুই চোরাকারবারীকে আটক করা হয়।

আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ গ্রামের বাবুল আহমদের ছেলে আফজল হোসেন (২৪) ও কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্দিপুরের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রুহুল আমিন (৩৩)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাতে লাক্কাতুড়া এলাকা থেকে ভারতীয় চোরাই চিনি ভর্তি একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাক থেকে ১৩০ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা।
সাইফুল ইসলাম জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গেল কয়েক মাস ধরে প্রতিদিনই সিলেটে ভারতীয় চোরাই চিনির চালান আটক করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights