সিলেটে মুখোমুখি হচ্ছে সিসেলস ও বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ফুটবলের অতীত গৌরব ফিরিয়ে আনতে বাফুফের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের অংশ হিসেবে আগামী শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সিসেলস ও বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচটি। বৃহস্পতিবার সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনে উদ্যোগে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য মাহী উদ্দিন আহমেদ সেলিম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্রুনাই, সিসেলস ও বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়ে ত্রিদেশিয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত বুধবার ব্রুনাই খেলতে অপরাগত প্রকাশ করায় দুদেশ নিয়েই সিরিজ আয়োজন করতে হচ্ছে। শনিবার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে সিসেলস ও বাংলাদেশ জাতীয় দল পরস্পরের মুখোমুখি হবে। শুক্রবার সকাল ১০টা থেকে জেলা স্টেডিয়ামের কাউন্টারে ম্যাচের টিকেট বিক্রি শুরু হবে। প্রবেশ টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহিদ চৌধুরী জুয়েল, সহ-সাধারণ সম্পাদক হানিফ আলম চৌধুরী, ডিএফএর নির্বাহী সদস্য সমর চৌধুরী ও দিপাল কুমার সিংহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights