সীমান্তের কোনো পশুর হাটের ইজারা দেওয়া হবে না: প্রাণিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক
দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় কোনো পশুর হাটের ইজারা দেওয়া হবে না। অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে এবং দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

রবিবার সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আসন্ন ঈদুল আযহা উদযাপন উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিতকল্পে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।

দেশীয়ভাবে উৎপাদিত পশুর মাধ্যমে কোরবানির চাহিদা পূরণ হোক জানিয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, অতীতে সীমান্তবর্তী কিছু হাটে ব্যাপক পশু বেচাকেনা হতো, যার বড় একটি অংশ অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে আসত। এতে দেশীয় খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে এবার সীমান্তঘেঁষা হাটগুলোর ইজারা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার চায় দেশীয়ভাবে উৎপাদিত পশুর মাধ্যমে কোরবানির চাহিদা পূরণ হোক। এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং চাহিদার তুলনায় উদ্বৃত্তও থাকবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights