সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত

অনলাইন ডেস্ক

পশ্চিম সুইজারল্যান্ডের একটি শহরে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে ফ্রিবার্গ ক্যান্টনের কেরজারের কেন্দ্রস্থলে এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, কমপক্ষে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং একজন উদ্ধারকারীও আহত হয়েছেন বলে জানা গেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি তবে এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

একজন ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে, তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় গণমাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনের তীব্রতায় বাসটির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। দুর্ঘটনার শিকার বাসটি কেরজার্স থেকে ১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডুডিনজেন পৌরসভা থেকে এসেছিল।

পুলিশের মুখপাত্র ফ্রেডেরিক পাপোক্স বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে বাসের ভেতরে থাকা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘পেট্রল ঢেলে আগুন’ দেওয়ার খবরটি পুলিশ এখনো নিশ্চিত করেনি। ঘটনার সময় অন্য কোনো যানবাহনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়নি বলেও জানানো হয়েছে।

সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights