সুদের টাকার জন্য গাছের সাথে বেঁধে রাতভর নির্যাতন

শেরপুর প্রতিনিধি

শেরপুরে এক যুবককে সুদের টাকা আদায়ের জন্য রশি দিয়ে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। সদর উপজেলার চক আন্ধারিয়া পশ্চিমপাড়ার সাইফুল ইসলাম (৩০) নামে ওই যুবকের সাথে এই ঘটনা ঘটে। সকালের দিকে খবর পেয়ে পুলিশ নির্যাতিত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

নির্যাতিত যুবক ও পুলিশ জানায়, উপজেলার কামারিয়া ইউনিয়নের চক আন্ধারিয়া পশ্চিমপাড়ার মোহাম্মদ মধু মিয়ার ছেলে আব্দুল মালেক, প্রতিবেশী মৃত হানিফ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক সাইফুল ইসলামের নিকট চারমাস আগে চড়া সুদে সাত হাজর টাকা লগ্নি করে। আসল টাকা পরিশোধ করলেও মালেক সুদের লাভের টাকার জন্য সাইফুলকে নানা ভাবে চাপ দেয়। টাকা দিতে ব্যর্থ হওয়ায় গতকাল রাতে সাইফুলকে মালেক ও অপর দুই সহযোগী বাড়ি থেকে তুলে আনে। পরে তাকে গাছের সাথে বেধে রাতভর নির্যাতন করে। আজ দুপুরে পুলিশ গিয়ে সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নির্যাতিত ওই যুবকের নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেছেন, পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights