সুনামগঞ্জে বালু লুট ঠেকাতে এবার নদীতে নৌকার ব্যারিকেড

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু লুট ঠেকাতে এবার নৌকা দিয়ে ব্যারিকেড দিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেলে নদী মোহনার অক্ষয়নগর এলাকায় তিনটি বাল্কহেড নৌকা আড়াআড়ি আটকিয়ে এই ব্যারিকেড দেওয়া হয়। এতে বালু লুট পুরোপুরি বন্ধ হবে মনে করছে পুলিশ।

এ ব্যারিকেড দেওয়ার সময় পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
সম্প্রতি সংঘবদ্ধ বালু লুণ্ঠনকারী চক্রের বেপরোয়া লুটপাটে সংবাদের শিরোনাম হয় ধোপাজান নদী। বালু লুট ঠেকাতে নদীর উৎসমুখে বাঁশের বেড়া নির্মাণ, পুলিশের টহল জোরদার এবং যৌথ বাহিনী একের একের এক অভিযান চালায়। এতেও বন্ধ করা যাচ্ছিল না বালু লুট। সংঘবদ্ধ লুটকারীদের বাগে আনতে ব্যর্থ হয় পুলিশ ও প্রশাসনের নেওয়া সব কৌশল। পরে এ নিয়ে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী নদীর উৎসমুখে অভিযান চালিয়ে বালু লুট বন্ধ করা হয়। এবার নৌকা দিয়ে ব্যারিকেড দিয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ।

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, নদীর মোহনায় ব্যারিকেড দেওয়ার ফলে আর কোনো নৌকা নদীতে ঢুকতে কিংবা বের হতে পারবে না। পাশাপাশি এখানে ২৪ ঘণ্টা পুলিশের টহল টিম থাকবে। কেউ এসব বাধা অতিক্রম করে ঢোকার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয়রা মনে করেন, ধোপজান চলতি নদী বালু মহালটি বৈধভাবে ইজারা বন্দোবস্ত দিলে, এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। এতে করে সরকারও মোটা অঙ্কের রাজস্ব পাবে এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights