সুন্দরবনের ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্য অস্ত্র-গুলিসহ আটক

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের আত্মসমর্পণকৃত ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে সদ্য প্রস্তুত করা ‘চাচা-ভাইরপো’ নামসংবলিত ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আত্মসমর্পণে অনিচ্ছুক ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্য ‘চাচা-ভাইরপো’ নামে একটি নতুন দস্যু বাহিনী গঠন করে পুনরায় সুন্দরবনে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। বর্তমানে তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে দস্যু মো. নাজমুল শেখ ও হানিফ শেখকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সদ্য প্রস্তুত করা ‘চাচা-ভাইরপো’ নামসংবলিত ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড মোংলার সুন্দরবনের শেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৩টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ১টি খেলনা পিস্তল ও ১৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটককৃত নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২) মোংলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ‘ছোট সুমন বাহিনী’র সঙ্গে থেকে সুন্দরবন এলাকায় দস্যুতা করে আসছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৭ মে ‘ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণের পর তারা ‘চাচা-ভাইরপো’ নামে নতুন একটি দস্যু দল গঠন করে পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছিল। উদ্ধার করা অস্ত্র, গুলি এবং আটক দস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনকে সম্পূর্ণভাবে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights