সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু দমনে অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রীর
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনে চলতি বছরের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বনদস্যু দমনে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বন রক্ষা যেমন জরুরি, তেমনি এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকাও নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। মৌয়ালরা যেন ঝুঁকিমুক্তভাবে মধু সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
উদ্বোধন শেষে মৌয়ালদের সঙ্গে মতবিনিময়কালে তারা বাঘের আক্রমণ, বনদস্যুদের ভয় ও নিরাপত্তা সংকটের বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি জানান, সুন্দরবনে মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হবে। বনদস্যুদের বিরুদ্ধে চলমান অভিযান আরও বেগবান করা হবে। এরপর প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বনদস্যু দমনে অভিযান কার্যক্রমের সূচনা করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুন্দরবনে নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
