সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ, ৪টি গাছ জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সুপারি বাগানের আড়াল থেকে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

বুধবার রাত একটার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি পৃথক সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, জব্দ করা গাঁজা গাছগুলো একই গ্রামের সবেদ আলীর ছেলে মাজেদুল ইসলাম মনজু রোপণ ও পরিচর্যা করছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তবে অভিযানের সময় তিনি এলাকায় না থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তসংলগ্ন এলাকায় সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিম উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights