সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিহত ১৪, নিখোঁজ ১২৪

অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান। এ পর্যন্ত দেশটিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২৪ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল থেকে দ্বীপজুড়ে প্রবল ঝড়ো হাওয়া ও টানা ভারী বর্ষণ চলছে। টাইফুনের প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অপর স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়েও দিনভর প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যায়। তবে হংকং থেকে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া দপ্তর জানায়, রাগাসা প্রথম আঘাত হানে সোমবার বিকেল ৩টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপে। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে। এরপর মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি প্রবেশ করে তাইওয়ানের উপকূলে।

তাইওয়ানের জরুরি সেবা সংস্থাগুলো জানায়, নিখোঁজদের সন্ধানে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী তৎপরতা চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগরের শক্তিশালী নিম্নচাপ থেকে সৃষ্টি রাগাসা এতটাই শক্তিশালী ছিল যে, একে ‘সুপার টাইফুন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights