সুপার ফোর: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের প্রথম ম্যাচেই হোঁচট খায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাজেভাবে হেরে এতটাই পিছিয়ে পড়েছিল যে, সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ফিরেছেন টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের বিশাল জয়ে নিশ্চিত হয়ে গেছে সুপার ফোর। দুই দিন বিশ্রামে থাকার পর সাকিব আল হাসানের দল এবার সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামছে।

বুধবার বিকেলে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

তবে মাঠে নামার আগের দিন মঙ্গলবার বড় দুঃসংবাদই পেয়েছে টাইগার শিবির। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেছে। তবে নতুন করে দলে যুক্ত হয়েছেন লিটন দাস। এর আগেই টাইগার এই ওপেনার পাকিস্তানে পৌঁছেছেন।
এবারের টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন টাইগার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আফগানদের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন তিনি। শরিফুলের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন গতিতারকা তাসকিন আহমেদ ও হাছান মাহমুদ। গত ম্যাচে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। ফলে এদিনও ইনিংসের গোড়াপত্তন করতে পারেন তিনি।

আগের ম্যাচে মিরাজের সঙ্গে ভালো সূচনা এনে দিয়েছিলেন নাইম শেখ। ফলে দলে টিকে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে ওয়ানডাউনে নামবেন লিটন। চার নম্বরে সাকিব আল হাসান। পাঁচে ও ছয়ে যথারীতি ব্যাট করবেন তাওহিদ হৃদয় এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দলের হয়ে স্পিন আক্রমণ সামলাবেন সাকিব। তাকে সঙ্গ দেবেন মিরাজ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ
নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights