‌‘সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা’

সাভার প্রতিনিধি:

কোটা সংস্কার নিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে এসেছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

বুধবার সকাল সোয়া ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এই উপদেষ্টা। এসময় তার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
তিনি আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আজকেই মন্ত্রণালয়ের সবার সাথে বসে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্তে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights