সুষ্ঠু-সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো: নির্বাচন কমিশনার মাছউদ
পটুয়াখালী প্রতিনিধি
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। সে দায়িত্বে আমরা অটল আছি এবং অটল থাকবো। আমি বিশ্বাস করি প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষিত সময়ের মধ্যেই নিশ্চয়ই আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর হবে। আমরা জাতিকে একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দিতে পারবো। আমি খুবই আশাবাদী অবশ্যই আইশৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে এবং পরিপূর্ণ ভাবে উন্নত হবে।’
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি। পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি আরও বলেন, ভোটগ্রহণের যে পরিবেশ সেটা সুন্দর হবে। আমরা আপাতত ব্যালটের মাধ্যমেই নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই ভাবছি। কাজেই জাতীয় নির্বাচন যাতে আমরা সুষ্ঠু ভাবে করতে পারি তার দিকে এগিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা খুবই আত্মবিশ্বাস যে, আমরা সকল প্রকার তথাকথিত প্রভাবমুক্ত থেকে জাতিকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচন কোন ভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নাই।
