সূর্যকুমার ও রউফকে আইসিসির শাস্তি

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যকার মহারণের আগেই মাঠের বাইরের ঘটনায় উত্তাপ ছড়িয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রাজনৈতিক মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, অন্যদিকে আগ্রাসী আচরণের জন্য দণ্ডিত হয়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। তবে আরেক অভিযুক্ত ক্রিকেটার সাহিবজাদা ফারহানকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমার ও রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছেন।

দুই ক্রিকেটারের জরিমানা হয়েছে ভিন্ন দুটি ম্যাচের ঘটনায়। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ভারত অধিনায়ক সূর্যকুমার সংবাদ সম্মেলনে তার দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করেন। মে মাসে ভারত–পাকিস্তানের মধ্যে চলা ৪ দিনের সামরিক সংঘাত টেনে মন্তব্য করায় সূর্যকুমারের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ দায়ের করে।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ দেয় রউফ ও ফারহানের নামে। ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশে আঙুল দিয়ে ‘৬–০’ সংকেত দেখান এবং বিমান ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেন, যা ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ বলে দাবি করেন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

একই ম্যাচে পাকিস্তানি ওপেনার ফারহান ফিফটি পূর্ণ করার পর ব্যাটকে বন্দুকের মতো করে গুলি ছোঁড়ার ভঙ্গি দেখান।

অভিযুক্ত ক্রিকেটাররা দোষ স্বীকার না করায় আজ দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তারা নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে সূর্যকুমার ও রউফের বক্তব্যকে যে আইসিসি সন্তোষজনক মনে করেনি, সেটি ফুটে উঠেছে রায়ে।

এদিকে সূর্যকুমারের বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধে জরিমানার ঘটনায় বিসিসিআই আপিল করেছে বলে খবর দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

আপিল শোনা হয়েছে কি না কিংবা কবে হবে, তা নিশ্চিত হতে পারেনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি।

আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights