‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ পেলেন আফজাল হোসেন
অনলাইন ডেস্ক
সৃজনকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অভিনেতা, পরিচালক, লেখক, চিত্রশিল্পী ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ দিয়েছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।
রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আফজাল হোসেনের হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম), স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারজানা রশীদ ব্রাউনিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মনিরা পারভীন।
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিক একাডেমিক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিউল ইসলাম।
সম্মাননা পর্বে আফজাল হোসেনের সংক্ষিপ্ত জীবনপরিচিতি পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক। মানপত্র পাঠ করেন সংগীত বিভাগের প্রভাষক নিশাত তাবাসসুম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর আফজাল হোসেন তার অনুভূতি ও সৃজনযাত্রার নানা অভিজ্ঞতা তুলে ধরেন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
