সেই ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে রাখা হচ্ছে চিড়িয়াখানায়

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য কেনা আলোচিত অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের জন্য রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। পরে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেটিকে চিড়িয়াখানায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

মহিষটির ক্রেতা মনিরুজ্জামানের চাচা শ্বশুর মো. তাইবুর রহমান বলেন, আমরা মূলত ঈদুল আজহার কোরবানির জন্য মহিষটি কিনেছিলাম। পরে জানতে পারি এটি অ্যালবিনো জাতের অত্যন্ত বিরল একটি মহিষ। প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় আমরা সেটি সরকারের কাছে হস্তান্তর করেছি। এমন বিরল প্রাণী দেশের সম্পদ।

ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, অ্যালবিনো জাতের এই মহিষটি অত্যন্ত বিরল। সংরক্ষণের স্বার্থে ৩ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে মহিষটি মালিকের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। পরে সেটিকে মিরপুর চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে।

জানা গেছে, শেষ মুহূর্তে সরকারি পর্যায়ে আলোচনা শেষে মহিষটিকে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে এটিকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে ফেরত পাঠানোর কথা থাকলেও পরে চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত হয়।

প্রায় ৭০০ কেজি ওজনের সাদা রঙের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর চুলের গঠন ও চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পেয়ে খামারের মালিক এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মহিষটি। একনজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। পরে বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights