সেতু থেকে রেল লাইনে ঝাঁপ দেওয়ার চেষ্টা, নামিয়ে এনে বিরিয়ানি খাওয়াল পুলিশ

অনলাইন ডেস্ক

ব্যস্ত সময়ে ব্রিজে তখন যথেষ্ট ভিড়। সেই পরিস্থিতিতে হঠাৎ সেতুর রেলিংয়ে চড়ে বসেন এক ব্যক্তি। নীচে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সেতুর উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে পুলিশ আটকায়। অনেক অনুরোধ করে নামিয়ে আনে রেলিং থেকে। তার পরেই হাতে তুলে দেয় নামকরা দোকানের বিরিয়ানি। কলকাতার কড়েয়া থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটেছে।

ঘটনার বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, দুপুর আড়াইটা নাগাদ মেয়েকে স্কুটারে চাপিয়ে সায়েন্স সিটি যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেতুর কাছে স্কুটার থামিয়ে মেয়েকে জানান, মোবাইল হারিয়ে গিয়েছে। সেটা খুঁজতে হবে। মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে সেতুতে উঠে রেলিং থেকে ঝাঁপা দেওয়ার চেষ্টা করেন
এ সব দেখে থানায় খবর দেন প্রত্যক্ষদর্শীরা। নিকটস্থ কড়েয়া থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে, আসে ফায়ার সার্ভিসের কর্মীরাও। তাকে অনেক বুঝিয়ে নামানোর চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি নাছোড় ছিল। তখন তার মেয়েকে ডেকে আনে পুলিশ। তাকে দিয়ে অনুরোধ জানিয়ে ওই ব্যক্তিকে নামানো হয়।

সূত্র জানিয়েছে, তিনি অবসাদগ্রস্ত ছিলেন। নেমে আসার পর তাকে এক প্লেট বিরিয়ানি খাওয়ায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বয়স ৪০ বছরের আশপাশে। থাকেন তিলজলায়। মার্বেলের কাজ করেন। এখন আর্থিক সমস্যায় ভুগছেন। স্ত্রীও সঙ্গে থাকেন না। এ সব কারণে অবসাদ থেকেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পুলিশের অনুমান। সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights