সেনাবাহিনীর বিভিন্ন কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোর, আর্মি সার্ভিস কোর এবং অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস), খুলনার জাহানাবাদ সেনানিবাসের আর্মি সার্ভিস কোর সেন্টার এন্ড স্কুল (এএসসিসিএন্ডএস) ও গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুলে (ওসিএন্ডএস) এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল মো. নাহিদ আসগর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেজর জেনারেল মো. মাকসুদুল হক উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
আজকের এই নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে বর্ণিত সাঁজোয়া কোর, আর্মি সার্ভিস কোর এবং অর্ডন্যান্স কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো।

অনুষ্ঠানে প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ ছাড়াও অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights