সেন্ট মার্টিনে প্রজনন মৌসুমে বাড়ছে কচ্ছপের মৃত্যু, পরিবেশবিদদের উদ্বেগ
অনলাইন ডেস্ক
সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে চলতি ডিসেম্বর মাসে মোট ১১টি মা কচ্ছপ ভেসে এসেছে, যাদের মধ্যে ৮টি মৃত এবং ৩টি জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত কচ্ছপগুলো বর্তমানে সংরক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র ও পরিবেশকর্মীরা জানান, মৃত কচ্ছপগুলোর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধ মাছ ধরার জাল, নৌযানের প্রপেলারের আঘাত বা প্রতিকূল সামুদ্রিক পরিবেশের কারণে তারা আহত হয়ে মারা গেছে।
সেন্টমার্টিনের পরিবেশকর্মী জয়নাল আবেদীন বলেন, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও ডিমপাড়ার মৌসুম, এ সময় মা কচ্ছপ উপকূলের কাছে আসে। অবৈধ জাল ও অনিয়ন্ত্রিত নৌযান চলাচলের কারণে প্রতিবছর অনেক কচ্ছপ মারা যায়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি এইচ. এম. এরশাদ বলেন, উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, দ্রুত উদ্ধার ব্যবস্থা এবং স্থানীয় সচেতনতা বৃদ্ধি জরুরি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জীবিত কচ্ছপগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে এবং সুস্থ হলে পুনরায় গভীর সমুদ্রে অবমুক্ত করা হবে। মৃত কচ্ছপগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।
