সেপ্টেম্বর থেকে দৈনিক ১.৮৮ লাখ ব্যারেল অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন করবে ওপেক প্লাস

অনলাইন ডেস্ক

সেপ্টেম্বর থেকে প্রতিদিন অতিরিক্ত ১ লাখ ৮৮ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। বিশ্ববাজারের ভারসাম্য বজায় রাখতে সম্প্রতি ভার্চুয়াল এক বৈঠকে সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, আলজেরিয়া, কাজাখস্তান ও ওমান; এই সাতটি প্রধান দেশ যৌথভাবে কোটা বাড়ানোর এই অনুমোদন দেয়। এর মাধ্যমে সংস্থাটি ২০২৩ সালের স্বেচ্ছায় প্রতিদিন ১৬ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো।

ওপেক প্লাসের এই ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের দর ৫ দশমিক ১৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ ডলার ৩৯ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন বাজার আদর্শ ডব্লিউটিআই-এর দাম প্রায় ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ ডলার ৬৬ সেন্টে স্থির হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বাজারে তেল সরবরাহ বাড়ার সংকেতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হওয়া এই দরপতনের মূল কারণ। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলা স্থগিত করে আলোচনায় বসার ইঙ্গিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা অনেকটাই কেটে গেছে।

তবে উত্তোলনের নতুন কোটা নির্ধারণ করা হলেও বাস্তব ক্ষেত্রে বিশ্ববাজারে কতটা তেল পৌঁছাবে তা নিয়ে বাজার বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা থাকায় উপসাগরীয় দেশগুলোর রফতানি এখনো বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের উৎপাদন দৈনিক ৯০ লাখ ব্যারেলে নেমে গেছে, যা মূল লক্ষ্যমাত্রার চেয়ে বেশ কম। গবেষণা প্রতিষ্ঠান রাইস্টাড এনার্জির তথ্যমতে, হরমুজ প্রণালির পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজার বড় কোনো পরিবর্তন দেখবে না। আগামী ৬ সেপ্টেম্বর ওপেক প্লাসের পরবর্তী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে আগামী বছরের নতুন কোটা নিয়ে আলোচনা হতে পারে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights