সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসছে না ভারতের আলু-পিয়াজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু ও পিয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এমনকি আগের এলসি করা এসব পন্যও আটকে দিয়েছে প্রতিবেশী দেশটি। এরপর থেকে জেলায় দফায় দফায় বাড়ছে আলু ও পিয়াজের দাম।
গত ২৪ ঘণ্টায় কেজিতে পিয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা। আলুও বেড়েছে প্রতি কেজিতে ৫ টাকা করে। সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারক ইসমাইল হোসেন জানান, ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের পর থেকেই সোনামসজিদ স্থলবন্দরে এর প্রভাব পড়তে শুরু করে। কিন্তু গতকাল মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অন্যান্য পন্যবাহী ট্রাক আসলেও পিয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক ভারত থেকে আসেনি। কারণ আলু ও পিয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর এখন আগের এলসি করা পিয়াজগুলোও দিচ্ছেন না ভারতীয় ব্যবসায়ীরা।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত পিয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি।
