সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই চেতনা’ মেলার উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং চার দিনব্যাপী ‘জুলাই চেতনা’ভিত্তিক ক্ষুদ্র মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণের ময়ূরপঙ্খী মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

চার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরতে ক্ষুদ্র মেলার পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিশু অংশ নিয়ে তাদের সৃজনশীলতার মাধ্যমে জুলাইয়ের চেতনা তুলে ধরে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে এবং মোজাম্মেল হক মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, ট্যুরিস্ট পুলিশ সোনারগাঁ জোনের অফিসার ইনচার্জ এ কে এম মাহাবুবুল আলম, ক্রীড়া সংস্থার সদস্যসচিব খায়রুল ইসলাম সজীব, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, যুবদল নেতা রনি, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জুলাই শহীদ ইমরানের বাবা আবু সালেহ, রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায় এবং জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস সঠিকভাবে তুলে ধরা এবং দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights