সোনার পদকে চোখ লিটনদের

ক্রীড়া প্রতিবেদক

কাউন্টি অধ্যায় শেষ করে গত রাতে ঢাকায় ফেরার কথা ছিল হাসান মাহমুদের। কাউন্টি ক্রিকেটে টায়ার ‘টু’-তে হাসান খেলেছেন কেন্টের পক্ষে। দুর্দান্ত পারফরম্যান্স। নজরকাড়া পারফরম্যান্সে কেন্টের সমর্থকরা ‘পোস্টার বয়’ উপাধি দিয়েছে। সুইংয়ের ওপর দুর্দান্ত নিয়ন্ত্রণ এবং ইয়র্কার তার বোলিংয়ের মূল অস্ত্র। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের অধিকাংশ ব্যাটারকে বোল্ড কিংবা লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন। টাইগার ফাস্ট বোলারের কাউন্টি অধ্যায়ের কারণ, নাগোয়া-আইচি এশিয়ান গেমসে বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন হাসান। ১৯৭৮ ব্যাংকক এশিয়ান গেমসে প্রথমবার অংশগ্রহণ করে বাংলাদেশ। এরপর থেকে নিয়মিত অংশ নিচ্ছে। ২০২২ এশিয়ান গেমস পর্যন্ত ১২ আসরে অংশ নিয়ে একবার সোনা জিতেছে। ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল বাংলাদেশ। গেমসে একমাত্র সোনা ওটাই। এবারও সোনা জয়ের টার্গেটে লিটন দাসের নেতৃত্বে পূর্ণ শক্তির স্কোয়াড খেলতে যাচ্ছে বাংলাদেশ। সোনা জয়ের টার্গেটে লিটন বাহিনীর অনুশীলন শুরু হয়েছে গতকাল। হাসান মাহমুদ দেশে ফিরেননি বলে অনুশীলনে অংশ নেননি। ১৫ সেপ্টেম্বর যোগ দেবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ জয়ী বাংলাদেশ ‘এ’ দলের নেতা তাওহীদ হৃদয়, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমনরা আজ-কালের মধ্যেই যোগ দেবেন। এ ছাড়া অনুশীলনে অংশ নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমানরা।

২০০৬ সালের দোহা এশিয়ান গেমস পর্যন্ত ক্রিকেট খেলা হয়নি আসরে। ২০১০ সালে চীনের গুয়াংঝু গেমসে প্রথমবারের মতো পুরুষ ও নারী ইভেন্ট অন্তর্ভুক্ত করে এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এওসি)। প্রথমবার অংশ নিয়ে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে সোনা জেতে বাংলাদেশ। টি-২০ ফরম্যাটের ফাইনালে বাংলাদেশ ৫ উইকেটে হারায় আফগানিস্তানকে। এরপর ২০১৪ ইনচন ও ২০১৮ জাকার্তা গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পায়। এবার অবশ্য সোনা জিততে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারকে নিয়েই দল গড়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। যদিও এবারের আসরে এইচপি দল পাঠানোর পরিকল্পনা করেছিল বিসিবি। কিন্তু ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা শক্তিশালী দল পাঠাচ্ছে বলে বিসিবিও পূর্ণ শক্তির দল পাঠানোর পরিকল্পনা করেছে বলেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ‘আমাদের পরিকল্পনায় ছিল এইচপি দল পাঠানোর। অন্য দলগুলো শক্তিশালী দল পাঠাচ্ছে। এ ছাড়া এশিয়ান গেমসে আমাদের সোনা জয়ের সংখ্যাও কম। সেজন্য সোনা জয়ের টার্গেটে শক্তিশালী দল পাঠানো হচ্ছে।’

গেমসের অনুশীলন শুরু হয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ সেপ্টেম্বর। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে লিটন বাহিনী। অবশ্য গেমসের ক্রিকেট ইভেন্ট শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর। গেমস খেলতে লিটনরা ঢাকা ছাড়বেন ২৩ সেপ্টেম্বর। ক্রিকেট দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ২১ ও ২২ সেপ্টেম্বর। মূল গেমস শুরু হবে ১৯ সেপ্টেম্বর। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। কোয়ার্টার ফাইনালে লিটন বাহিনীর প্রতিপক্ষ হংকং, মালয়েশিয়া ও ওমানের বিজয়ী দল। দলগুলো ‘বি’ গ্রুপে খেলছে।

অনুশীলনে কোচিং স্টাফের সবাই উপস্থিত ছিলেন। অবশ্য ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যেগে আরও কয়েক দিন আগে থেকেই অনুশীলন করছিলেন। গতকালের অনুশীলনে নাজমুল, শরিফুলরা ব্যাটিং ও বোলিং করেছেন। টাইগাররা অনুশীলন করেছেন কমলা রঙের জার্সি পরে। অনুশীলনে অনুপস্থিত ছিলেন স্পিন কোচ মুশতাক আহমেদ। তবে হেড কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

এশিয়ান গেমসে বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights