সোমালিয়ায় জাহাজ অপহরণ : ফেনীর বিপ্লবকে ফিরে পেতে চায় পরিবার

ফেনী প্রতিনিধি

সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ অপহরণের ঘটনায় জাহাজে থাকা ২৩ বাংলাদেশির মধ্যে ফেনীর ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লবও রয়েছেন। বিপ্লব ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞার ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবুল হোসাইনের ছেলে। তিনি ঐ জাহাজে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত আছেন।

তার স্ত্রী উম্মে সালমা সোনিয়া বলেন, আফ্রিকার মোজাম্বিক থেকে মালয়েশিয়া যাবার পথে জলদস্যুরা জাহাজটি অপহরণ করে। এসময় তার স্বামীও ঐ জাহাজে ডিউটি করছিল। গতকাল রাত ১০টায় তার সাথে সর্বশেষ কথা হয়েছে। তাদের জিম্মি করে আটকে রাখা হয়। তাদের সঙ্গে থাকা মোবাইল জব্দ করে জলদস্যুরা। তিনি তার স্বামীকে সুস্থ্য শরীরে ফিরে পেতে চান।

বড় ছেলে রেদোয়ান বিন ইব্রাহীম জানান, তার সঙ্গে গতকাল রাতে কথা হয়েছে। দুষ্টুমি না করে মায়ের কথামত চলতে বলেছে। বাড়িতে আসার সময় তার জন্য কিছু জিনিস নিয়ে আসবে বলেছে তার বাবা।
বিপ্লবের শ্বশুর ইব্রাহীম খলিল জানান, বাংলাদেশ সরকার ও জাহাজ কোম্পানীর মালিক যৌথ উদ্যোগে মেয়ের জামাইকে যেন ফিরিয়ে আনেন সে দাবি জানাই।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী ‘এম ভি আবদুল্লাহ’ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে। পণ্যবাহী জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার দুপুর ১টার দিকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠীটির কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights