সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকালে ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপি। বেলা ২টায় এ সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন।

তিনি বলেন, এই সমাবেশে ঢাকা তারুণ্যের নগরীতে পরিণত হবে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুলতান সালাউদ্দিন এ মন্তব্য করেন।

বিএনপির তিনটি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশটি করার জন্য পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি পাওয়ার কথা গত বৃহস্পতিবার জানান যুবদলের সভাপতি। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন বলেন, তাঁরা মনে করেন, দেশের অধিকারবঞ্চিত সব তরুণ এই সমাবেশে উপস্থিত হবেন। সমাবেশে ঢাকা তারুণ্যের নগরীতে পরিণত হবে।
ইতোমধ্যে পাঁচটি তারুণ্যের সমাবেশ হয়েছে জানিয়ে যুবদলের সভাপতি বলেন, এগুলো করার ক্ষেত্রে তাঁরা প্রশাসনের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছেন। আজকের সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে গিয়েছিলেন। তিনি মৌখিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছেন।

সুলতান সালাউদ্দিন বলেন, বর্তমান সরকারের কারণে ৪ কোটি ৭০ লাখের বেশি নতুন ভোটার তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাঁদের অধিকারের জন্য তাঁরা মাঠে নেমেছেন। তাঁরা সেসব মেধাবী তরুণদের পক্ষে মাঠে নেমেছেন, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু দলীয় বিবেচনায়, আওয়ামী লীগ না করার কারণে চাকরির ভেরিফিকেশনে বাদ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights