সৌদির আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা, বাধ্য হয়ে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

সৌদি আরবের আকাশপথ ব্যবহারের অনুমতি না পাওয়ায় হরমুজ প্রণালিতে অবরুদ্ধ জাহাজ উদ্ধারে পরিচালিত মার্কিন নৌ-অভিযান স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াদ ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে এই অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানগুলো তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

মূলত গত রবিবার কোনো আগাম সমন্বয় ছাড়াই ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার পর ক্ষুব্ধ ও বিস্মিত হয় সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো। বিষয়টি নিয়ে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বললেও কোনো সমাধান আসেনি।

এদিকে, গত মঙ্গলবার ট্রাম্প এই অভিযান স্থগিতের ঘোষণা দিয়ে জানান, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘ব্যাপক অগ্রগতি’ হয়েছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা এখনো অমীমাংসিত রয়ে গেছে।

সৌদি সূত্রের দাবি, উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে, তবে তারা পাকিস্তানের শান্তি উদ্যোগকে সমর্থন করে। অন্যদিকে ওমানের একজন কূটনীতিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগে পদক্ষেপ ঘোষণা করেছে এবং পরে তাদের সাথে সমন্বয় করেছে।

আলোচনার অগ্রগতির অংশ হিসেবে সিএনএন জানিয়েছে, আজ বৃহস্পতিবারই মার্কিন প্রস্তাবের বিষয়ে ইরানের পক্ষ থেকে একটি চূড়ান্ত জবাব আসতে পারে। অ্যাক্সিওসের এক রিপোর্টে বলা হয়েছে, হোয়াইট হাউস ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights