সৌদির আলটিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আমিরাতের

অনলাইন ডেস্ক

সৌদি আরবের আলটিমেটামের পর ইয়েমেনে নিজেদের সামরিক মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, শিগগিরই ইয়েমেন থেকে সব আমিরাতি সেনা প্রত্যাহার করা হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে হামলা চালায়। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতা এবং তাদের প্রতি সহযোগিতা নিয়ে সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের তিক্ততা চরমে ওঠে। এরই ধারাবাহিকতায় আবুধাবিকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন ত্যাগের আলটিমেটাম দেয় রিয়াদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে আমিরাত সরকার জানায়, ইয়েমেনে তাদের পূর্বনির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে এবং সেখানে অবস্থানরত সব সেনাকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইয়েমেন পরিস্থিতি নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। কুয়েত, বাহরাইন ও কাতারসহ কয়েকটি উপসাগরীয় দেশ সংলাপ ও রাজনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এসটিসির সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক সৌদি আরবের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সৌদির নজিরবিহীন সামরিক চাপের মুখে শেষ পর্যন্ত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আবুধাবি।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে যুদ্ধ শুরু হয় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রাজধানী সানা দখলের মাধ্যমে। ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে সামরিক অভিযান চালালেও দীর্ঘ সংঘাতের পরও হুথিদের পুরোপুরি পরাস্ত করা সম্ভব হয়নি। বরং জোটের ভেতরেই মতবিরোধ ও কৌশলগত দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে।

বিশ্লেষকদের ধারণা, ইয়েমেন থেকে আমিরাতের সম্পূর্ণ সেনা প্রত্যাহার যুদ্ধের গতিপথে নতুন বাস্তবতা তৈরি করতে পারে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights