সৌদি আরবের সঙ্গে মিল রেখে পত্নীতলায় ঈদ উদযাপন
নওগাঁ প্রতিনিধি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।
উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় জামাত শুরু হওয়ার আগেই জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাটসহ বিভিন্ন এলাকা থেকে এসে মুসল্লিরা জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপশি নামাজে অংশ নেয় নারীরাও।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজক কমিটির সভাপতি মেহেদী হাসান জানান, গত ১০ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি।
