স্কটল্যান্ডের বিপক্ষে কার জায়গায় খেলবেন নেইমার?

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচে জয় কিংবা ড্র প্রয়োজন সেলেসাওদের। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখনও চূড়ান্ত একাদশ নিয়ে মুখ না খুললেও দেশটির গণমাধ্যমগুলোর জল্পনা, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যেতে পারে নেইমারকে। রাফিনিয়ার চোটে আক্রমণভাগে কিছু পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন আনচেলত্তি, যা নেইমারের ফেরার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

হাইতির বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করা মাথেউস কুনিয়া শুরু থেকে খেলতে পারেন। তবে দ্বিতীয়ার্ধে কুনিয়া কিংবা তরুণ রায়ানের জায়গায় নেইমারকে নামানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ব্রাজিলের জার্সিতে নেইমারের অভিষেকও হয়েছিল ১৫ বছর আগে স্কটল্যান্ডের বিপক্ষেই।

আনচেলত্তির কৌশলে নেইমারের উপস্থিতি বাড়তি সুবিধা এনে দিতে পারে। কারণ, মাঠে নামলেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের বিশেষ নজর থাকবে তার দিকে। ফলে ভিনিসিয়ুস জুনিয়রের মতো আক্রমণভাগের অন্য খেলোয়াড়রা আরও বেশি জায়গা পেতে পারেন।

অন্যদিকে, নকআউটে যেতে হলে স্কটল্যান্ডের জন্য এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। তাই রক্ষণাত্মক কৌশলের বদলে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে স্টিভ ক্লার্কের দল। স্কট ম্যাকটমিনে ও জন ম্যাকগিনকে ঘিরে গড়ে ওঠা স্কটিশ মিডফিল্ড এবং সেট-পিস নির্ভর আক্রমণ ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সম্ভাব্য একাদশে ব্রাজিলের রক্ষণে থাকতে পারেন সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কুইনিওস ও দানিলো। মিডফিল্ডে পাকুয়েতা, কাসেমিরো ও ব্রুনো গুমারায়েস। আক্রমণভাগে ভিনিসিয়ুস, রায়ান এবং কুনিয়ার থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights