স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: দুইজনকে আসামি করে মামলা মায়ের, আটক এক
যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্রী অনি রায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দুইজনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার ঝিকরগাছা থানায় মামলাটি করেন অনি রায়ের মা কণিকা রায়।
মামলায় যে দুইজনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে মেহেদি হাসান তামিম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তামিমের ঝিকরগাছার বদরউদ্দিন হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা । অপর আসামি আকিব উদ্দিন শাকিব পলাতক রয়েছে। সেও একই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত মামলা ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, স্কুল থেকে কোচিং করে বাড়ি ফেরার পথে সোমবার সকালে চার বখাটে উত্ত্যক্ত করে ঝিকরগাছা বদর উদ্দীন হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী অনি রায়কে। এরপর অনি রায় বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ অনি রায়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর অনি রায়ের মরদেহ নিয়ে প্রতিবেশীরা ঝিকরগাছা শহরের বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে অনি রায়ের আত্মহত্যায় প্ররোচিত করা বখাটেদের আটক ও বিচার দাবি করা হয়।
যশোরের নাভারণ সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান, অনি রায়ের আত্মহত্যায় প্ররোচনার বিষয়ে তদন্ত অনেক দূর এগিয়েছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলাও হয়েছে।
