স্কুল খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : মাইলস্টোন কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান শুরুর সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কমিটির সদস্য ও প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার এ তথ্য জানান।

আগামী ২৭ জুলাই সীমিত পরিসরে স্কুল খুলে দেওয়া হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ করা হয়ে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমাদের প্রতিষ্ঠানটির মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো অনেক শিক্ষার্থী, অভিভাবক নিখোঁজ। আমরা তাদের তথ্য সংগ্রহের কাজ করছি। এই অবস্থায় প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি।

তবে, মাইলস্টোনের অন্যান্য ব্রাঞ্চের পাঠদান কার্যক্রম পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি। খাদিজা আক্তার বলেন, দিয়াবাড়ি শাখায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এখানকার শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করা আপাতত সম্ভব নয়। যখন আমরা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাকার্যক্রম চালু করতে পারব, তখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, এই ঘটনায় হতাহত ও নিখোঁজদের পরিচয় ও প্রকৃত সংখ্যা নির্ণয়ে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে একটি কাউন্সেলিং ডেস্ক ও একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে।

গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয় এবং অনেকে আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights