স্কোয়াশে ৯ দেশের লড়াই শুরু

অনলাইন প্রতিবেদক
বিশ্বের ৯ দেশের অংশগ্রহণে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে প্রথম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেনাপ্রধানের পৃষ্ঠপোষকতা এবং স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে জাপান, বেলজিয়াম, পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, কুয়েত, বাহরাইন ও মিশর। ৯ দেশের বাছাই করা ২৪ খেলোয়াড় এই প্রতিযোগিতায় খেলছেন। টুর্নামেন্টটি শুরু হয়েছে ২ জানুয়ারি এবং তা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।

উপমহাদেশের অন্যতম বৃহৎ এই প্রতিযোগিতায় শুক্রবার (২ জানুয়ারি) আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চীফ এবং স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আদেল আল-গালিব। এ ছাড়া ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.)-সহ নির্বাহী পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা নিয়েই আমরা বাংলাদেশে স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিত করে সামনের দিকে নেয়ার কাজ করে যাচ্ছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ধারা অব্যাহত রাখতে পারলে আগামীতে স্কোয়াশ আরো এগিয়ে যাবে এবং বাংলাদেশের জন্যে সম্মান নিয়ে আসবে।

ব্রিগ্রেডিয়ার জেনারেল কামরুল বলেন, নিজস্ব কোর্টবিহীন হাজার সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যে খুবই সীমিত সম্পদ দ্বারা গত প্রায় পাঁচ বছর নিরবিচ্ছিন্ন ভাবে অক্লান্ত পরিশ্রম করে আমরা তিল তিল করে বিলুপ্ত প্রায় খেলাটির পুনঃজন্ম ঘটিয়ে গৌরব আর সম্মানের যাত্রা শুরু করেছি। সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং একটি স্থায়ী কমপ্লেক্স পেলে স্কোয়াশ খেলোয়াড়রা আন্তর্জাতিক মেডেল অর্জনসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও গৌরব অর্জন করবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights