স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ধারালো বটি দিয়ে কুপিয়ে স্ত্রী রাজিয়া সুলতানাকে হত্যার ঘটনায় স্বামী আব্দুর রশিদকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে ঢাকার গাজীপুরের সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রশিদ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গ্রামের বদিউজ্জামানের ছেলে।

র‌্যাবের দেয়া তথ্যমতে জানা গেছে, স্বামী আব্দুর রশিদ তার স্ত্রী রাজিয়া সুলতানাকে নিয়ে চা-বাগান মহল্লায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গত ৯ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় ওই ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের কারনে আব্দুর রশিদ ধারালো বটি দিয়ে স্ত্রী রাজিয়া সুলতানার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারিভাবে কুপিয়ে পালিয়ে যায়। স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় রাজিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পরের দিন সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর ১৩ ফেব্রুয়ারি নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে বগুড়ার র‌্যাব-১২ এবং ঢাকার সাভারের নবীনগর র‌্যাব-৪ এর যৌথ অভিযানে গাজীপুরের কাঁথারা এলাকা থেকে আসামী আব্দুর রশিদকে গ্রেফতার করে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান হত্যার ঘটনায় নিহতের মা আদমদীঘি থানায় মামলা করেন। এরপর র‌্যাবের যৌথ অভিযানে আসামি রশিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights