স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সত্য চন্দ্র শীল (৫৫) কে লালমনিরহাটের আদিতমারী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

তিনি বলেন, ঘটনা ঘটার পর থেকে নাগেশ্বরী থানা পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার ও পুলিশ পরিদর্শক তদন্ত সরোয়ার পারভেজসহ একটি দল জানতে পারে আসামি সীমান্তবর্তী এলাকা লোহাকুচি সীমান্ত হয়ে ভারতে পালানোর চেষ্টা করছে। এমতাবস্থায় ঘাতক স্বামী সত্য চন্দ্র শীলকে কুড়িগ্রামের পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে আসামি কর্তৃক স্ত্রীকে হত্যায় ব্যবহৃত কাঠের হাতলযুক্ত রক্তমাখা ধারালো কুঠার ও আসামির পরিহিত রক্তমাখা সোয়েটার ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights