স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় চিরকুট লিখে যুবকের ‘আত্মহত্যা’
জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় হাসান আলী (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
হাসান আলী বান্দের পাড় গ্রামের রহমত আলীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, হাসান আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার শ্বশুর বাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজ বাড়িতে আনার কথা ছিল হাসানের। বেলা ১১টা পর্যন্ত শ্বশুর বাড়িতে না যাওয়ায় তার স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলা পাড়া থেকে স্বামী হাসানের বাড়িতে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান।
এসময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে লোকজন চলে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
ওই চিরকুটে হাসান আলী তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালোবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজ বাবা-মায়ের প্রতি অনুরোধ করেন। পাশাপাশি নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলেও উল্লেখ করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
