স্ত্রীর ফোনে বক্তৃতার মাঝেই থামলেন গাভাস্কার, তারপর যা ঘটল…

অনলাইন ডেস্ক
মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন সুনীল গাভাস্কার। সবকিছুই চলছিল স্বাভাবিকভাবে। হঠাৎ একটি ফোন কল, আর তাতেই থেমে গেল তাঁর বক্তৃতা। এরপর যা ঘটল, সেটিই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ঘুরছে।

সম্প্রতি শ্রী সত্য সাই সঞ্জীবনী সেন্টার ফর চাইল্ড হার্ট কেয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার। ‘গিফট অব লাইফ’ উদ্যোগের আওতায় হৃদরোগে আক্রান্ত প্রায় ৮৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর সফল অস্ত্রোপচার উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব বোম্বে এয়ারপোর্ট।

বক্তব্যের একপর্যায়ে হঠাৎ বেজে ওঠে গাভাস্কারের মোবাইল ফোন। প্রথমে কথা চালিয়ে গেলেও কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে হাসিমুখে বলেন, এটি নিশ্চয়ই স্ত্রীর ফোন। এরপরই তিনি বক্তব্য থামিয়ে কল রিসিভ করেন।

ফোন ধরার আগে উপস্থিত দর্শকদের উদ্দেশে রসিকতা করে বলেন, একটু রিসিভ করতেই হবে, আমাকে মনে করিয়ে দিতে ফোন করেছে যেন বেশি কথা না বলি। তাঁর এই কথায় হাসিতে ফেটে পড়ে পুরো হল। মুহূর্তেই পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।

এই ঘটনাটি ভিডিও আকারে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসার ঢল। অনেকেই গাভাস্কারের সরলতা ও রসবোধের প্রশংসা করেন।

অনুষ্ঠানে শিশুদের হৃদরোগ চিকিৎসা নিয়ে পরিচালিত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। গাভাস্কার বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অনেক পরিবার আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা পায় না, এমন শিশুদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, আমাদের সফলতার হার ৯৯ শতাংশেরও বেশি। অস্ত্রোপচারের পর যখন অভিভাবকেরা সন্তানের সুস্থতার খবর পান, তাদের চোখের আনন্দ তাঁকে দ্বিশতক করার আনন্দের চেয়েও বেশি তৃপ্তি দেয়।

অনুষ্ঠানে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকেও নিয়ে কথা বলেন গাভাস্কার। তাঁকে অনুপ্রেরণা হিসেবে দেখায় মুগ্ধতা প্রকাশ করে বলেন, যে ছেলে হয়তো আমাকে সরাসরি খেলতে দেখেনি, সে যদি আমাকে অনুপ্রেরণা বলে, সেটি আমার জন্য আশীর্বাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights