স্ত্রীর স্বপ্ন পূরণে ৬৫ কোটি টাকার বাড়ি বিক্রি করলেন কিংবদন্তি ফুটবলার

অনলাইন ডেস্ক
আর্সেনালের কিংবদন্তি ফুটবলার টনি অ্যাডামস নিজের বিলাসবহুল বাড়ি বিক্রি করেছেন। তবে এর পেছনে রয়েছে একটি ব্যতিক্রমী কারণ। স্ত্রী পপি অ্যাডামসের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে তারা লন্ডনে ফিরছেন। আর সেই কারণেই দীর্ঘদিনের বাড়িটি বিক্রি করে দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম গ্যালাঘারের কাছে।

প্রায় ৪০ লাখ পাউন্ড মূল্যের বাড়িটি ইংল্যান্ডের কটসওল্ডস এলাকায় পাঁচ একর জমির ওপর নির্মিত। এতে রয়েছে সুইমিং পুল, টেনিস কোর্ট, ঘোড়ার আস্তাবল এবং আলাদা দুই শয়নকক্ষের একটি অতিথি নিবাস। টনি ২০০২ সালে বাড়িটি কিনেছিলেন এবং ২০০৪ সাল থেকে স্ত্রী পপির সঙ্গে সেখানে বসবাস করছিলেন।

সম্প্রতি পপি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি প্রারম্ভিক আধুনিক ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করবেন। সে কারণেই দম্পতি গ্রাম ছেড়ে আবার লন্ডনে বসবাসের সিদ্ধান্ত নেন।

টনি অ্যাডামস বলেন, এটি তাদের জীবনের নতুন অধ্যায়। স্ত্রী আবার পড়াশোনা শুরু করছেন, তাই তারা লন্ডনে ফিরে যাচ্ছেন।

পপি জানান, পড়াশোনার ইচ্ছার কথা জানালে প্রথমে টনি জানতে চেয়েছিলেন, এতে আর্থিক লাভ কী। উত্তরে তিনি বলেন, সবকিছুর লক্ষ্য অর্থ উপার্জন নয়। সন্তানদের বড় করার পর তিনি আবার পড়াশোনায় ফিরতে চান। তবে এখন টনি তার সিদ্ধান্তে গর্বিত এবং সবার কাছে বিষয়টি আনন্দের সঙ্গে বলছেন।

এদিকে নতুন বাড়িতে উঠে বেশ খুশি লিয়াম গ্যালাঘার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, নতুন প্রতিবেশীরা তাকে কেক ও স্কোন বানিয়ে দিচ্ছেন এবং তাদের আন্তরিক ব্যবহারে তিনি মুগ্ধ।

জানা গেছে, জনপ্রিয় সংগীতদল ওয়েসিসের সাম্প্রতিক বিশ্ব সফর থেকে আয় করা অর্থের একটি অংশ দিয়ে তিনি বাড়িটি কিনেছেন। বর্তমানে বাগদত্তা ডেবি গুইদার এবং তাদের পোষা কুকুরকে নিয়ে নতুন বাড়িতে বসবাস শুরু করেছেন লিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights