স্ত্রীসহ সাবেক আইজিআর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক (আইজিআর) খান মো. আব্দুল মান্নান ও তার স্ত্রী শাকিলা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দেয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান নিষেধাজ্ঞা ও ব্লকের আবেদন করেন।

গণমাধ্যমকে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, সাবেক মহাপরিদর্শক (নিবন্ধন) খান মো. আবদুল মান্নান ও অন্যান্যদের বিরুদ্ধে সাব-রেজিস্ট্রার নিয়োগ-বদলি, বদলি স্থগিত এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীদের নিয়োগ ও বদলিসহ কয়েকশত নকল নবিশ নিয়োগ, কয়েক হাজার দলিল লেখকের লাইসেন্স বা সনদ বিক্রয়ের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেজন্য, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

এছাড়া বর্তমানে বাংলাদেশে স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর, আয়কর রিটার্ন দাখিল, পাসপোর্ট ইস্যু-নবায়ন, ব্যাংক হিসাব খোলা-পরিচালনাসহ যাবতীয় কার্যক্রম তথা নাগরিক সুবিধা যেহেতু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সম্পাদিত হয় সেহেতু অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্রটি ব্লক করা হলে এ সমস্ত কাজ সম্পন্ন সম্ভব হবে না। তাই, জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights