‘স্ত্রী মরার পর জীবন বদলেছে, সন্তানরা খোঁজ নেয় না, এই ঝুপড়িই আমার ঠিকানা’

নীলফামারী প্রতিনিধি

রাস্তাঘাট থেকে পলিথিন ও বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী কুড়িয়ে সংগ্রহ করেন। সেগুলো বিক্রি করে যে সামান্য আয় হয়, তা দিয়েই জীবিকা নির্বাহ করেন নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বাড়োঘড়িয়া গ্রামের ৬০ ঊর্ধ্ব লুৎফর রহমান চৌধুরী। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি রাস্তার পাশে পলিথিন ও খড়কুটো দিয়ে তৈরি একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন।

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ডোমার সড়কসংলগ্ন নটখানা এলাকায় একটি বাউন্ডারি ওয়ালের পাশে পলিথিন, ছেঁড়া ব্যানার ও খড়কুটো দিয়ে তৈরি ঝুপড়িতে তাঁর বসবাস। ঝুপড়িটির চারপাশ ঝোপঝাড়ে ঘেরা, আর ভেতরে রয়েছে একটি জরাজীর্ণ বিছানা।

স্থানীয়রা জানান, লুৎফর রহমান চৌধুরী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের মৃত ছলি মামুদ চৌধুরীর ছেলে। একসময় তিনি রিকশা ও ভ্যান চালিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতেন। তবে কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ধীরে ধীরে পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে যান।

লুৎফর রহমান বলেন, ‘স্ত্রী মারা যাওয়ার পর আমার জীবনটা একেবারে বদলে গেছে। সন্তানরা কেউ আমার খোঁজ নেয় না। ভরণপোষণ তো দূরের কথা, আমি বেঁচে আছি না মারা গেছি, সেটাও জানতে চায় না। গৃহহীন হয়ে অনেক দিন পথে পথে ঘুরেছি। পরে নটখানা কুষ্ঠ হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একটি পরিত্যক্ত ভবনে আশ্রয় নিয়েছিলাম। সেখান থেকেও চলে যেতে হয়েছে। এখন এই ঝুপড়িই আমার একমাত্র ঠিকানা।’

স্থানীয় বাসিন্দা নবিজুল ইসলাম বলেন, বৃদ্ধ বয়সেও প্রতিদিন জীবিকার সন্ধানে বের হতে হয় তাঁকে। শারীরিকভাবে দুর্বল হলেও নিজের খাবারের ব্যবস্থা তাঁকেই করতে হয়।

এলাকার আরেক বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, লুৎফর রহমানের জীবনসংগ্রাম আমাদের সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। জীবনের শেষ বয়সে একজন বৃদ্ধ মানুষ পরিবার ও সমাজের অবহেলায় রাস্তার পাশে বসবাস করছেন। তাঁর জন্য নিরাপদ আবাসন, চিকিৎসাসেবা এবং খাদ্য সহায়তার ব্যবস্থা করা প্রয়োজন।’

পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমতাজ আলী প্রামাণিক বলেন, ‘লুৎফর রহমানের চিকিৎসা, খাদ্য এবং স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা গেলে তিনি জীবনের শেষ সময়টুকু অন্তত স্বাভাবিকভাবে কাটানোর সুযোগ পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights