স্পেনের সঙ্গে পুরোনো হিসাব চুকাতে চায় ফ্রান্স

অনলাইন ডেস্কx

দুই বছর আগে ইউরো আসরের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে। সেই স্মৃতি এখনো তাড়া করে ফিরছে লে ব্লুদের। এবার বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি দুই দল। আর এই ম্যাচে জিতে পুরোনো হারের জবাব দিতে চায় ফ্রান্স।

ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জায়েরে-এমেরি জানিয়েছেন, স্পেনকে হারিয়ে ইউরোর পরাজয়ের প্রতিশোধ নেওয়াই তাদের লক্ষ্য।

তিনি বলেন, ‘এবার আমাদের দল ভিন্ন। আমরা প্রস্তুত। স্পেনকে হারাতে চাই এবং ইউরোর হারের জবাব দিতে চাই। এটি সেমিফাইনাল, তাই আমাদের পুরো মনোযোগ নিয়ে খেলতে হবে। আমরা মাঠে নিজেদের সেরাটা দেব।’

২০২৪ সালের ইউরো দলে থাকলেও জায়েরে-এমেরি মাঠে নামার সুযোগ পাননি। তবে এবার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অভিষেক হয়েছে তার।

সম্প্রতি ফ্রান্স দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি মন্তব্য নিয়েও কথা বলেন তিনি। রাজয় দাবি করেছিলেন, ফ্রান্স দলে নাকি ‘ফরাসি খেলোয়াড় নেই’। এই মন্তব্যের জবাবে জায়েরে-এমেরি বলেন, বিভিন্ন সংস্কৃতি ও পটভূমি থেকেই ফ্রান্সের পরিচয় গড়ে উঠেছে।

তিনি বলেন, ‘আমাদের দলে ভিন্ন ভিন্ন পটভূমির খেলোয়াড় আছে, এটাই ফ্রান্সের পরিচয়। আমরা ঐক্যবদ্ধ, একসঙ্গে খেলতে পেরে আনন্দিত। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এখনো স্পেনকেই এই ম্যাচের ফেবারিট মানছেন। তবে প্রতিশোধের বিষয়টি খুব একটা গুরুত্ব দিতে চান না তিনি।

দেশম বলেন, ‘অতীত অতীতই। এটি বিশ্বকাপের সেমিফাইনাল। আগের ম্যাচগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদি আগের হার খেলোয়াড়দের অনুপ্রাণিত করে, সেটি ভালো। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামীকালের ম্যাচ।’

দলের একাদশেও একটি পরিবর্তন আসতে পারে। চোট কাটিয়ে দলে ফিরতে পারেন মধ্যমাঠের খেলোয়াড় অরেলিয়েন চুয়ামেনি। পেশির চোটের কারণে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে দেশম জানিয়েছেন, এখন তিনি খেলার জন্য প্রস্তুত।

এদিকে মরক্কোর বিপক্ষে ম্যাচে গোড়ালিতে আঘাত পাওয়া কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও শঙ্কা নেই। সোমবার অনুশীলনের শেষ অংশে পুরো সময় না থাকলেও তিনি সেমিফাইনালে খেলবেন বলে নিশ্চিত করেছেন দেশম।

মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। একদিকে বর্তমান ইউরোপসেরা স্পেন, অন্যদিকে নতুন ছন্দে ফেরা ফ্রান্স। দুই পরাশক্তির এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের ফাইনালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights