স্বর্ণের দামে আবারও নতুন রেকর্ড
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন এক লাখ ২৪ হাজার ৫০১ টাকা হল। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বুধবার থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে। মঙ্গলবার প্রতি ভরি ভালো মানের স্বর্ণের এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে।
