স্বাধীন ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কোনো বিকল্প নেই : রিজভী

অনলাইন ডেস্ক
স্বাধীন ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে বিরোধী মত প্রকাশের পথ সংকুচিত হয়ে গেলেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ছিল তাদের কথা বলার একটি জায়গা। সে সময় প্রেসক্লাব ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ কখনো স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ পরিত্যাগ করেনি। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা, সংবাদপত্র বন্ধ করে দেওয়া এবং মানুষের কথা বলার ও মতপ্রকাশের স্বাধীনতা স্তব্ধ করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, গত ১৭ বছরে তারই নতুন সংস্করণ দেখা গেছে।

তিনি বলেন, গত ১৭ বছরে টেলিভিশন ও সংবাদপত্র থাকলেও মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ব্যক্তি ও একটি রাজনৈতিক দলের জন্য। এর বাইরে যারা কথা বলার চেষ্টা করেছেন, তাদের কেউ গুমের শিকার হয়েছেন, আবার কেউ কারাগারে যেতে বাধ্য হয়েছেন।

গণমাধ্যম ও টকশোগুলোও বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। যারা বিভিন্ন পর্যায়ে গণতন্ত্রের আলো জ্বালিয়ে রেখেছেন, তারা সে সময়ের পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তা জানেন বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights