স্বামীর জুয়ার আসক্তি, পঞ্চগড়ে বিষপানে মা-ছেলের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা শহরের নিমনগড় এলাকায় স্বামীর অনলাইন জুয়ার আসক্তি ও অভাব-অনটনের জেরে বিষপান করে প্রাণ দিয়েছেন এক মা ও তার পাঁচ বছরের শিশু পুত্র। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয় দুজনের।

নিহতরা হলেন বিউটি আক্তার (২৮) ও তার ছেলে মুসা (৫)। তারা স্থানীয় মতিউর রহমানের স্ত্রী ও সন্তান।

নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, মতিউর রহমান একসময় মসজিদের খাদেম ছিলেন, পরে বাসস্ট্যান্ডে চা বিক্রি করতেন। ব্যবসায় বড় ধরনের লোকসানের পর তিনি অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েন। সংসারে দেখা দেয় অভাব-অনটন, শুরু হয় দাম্পত্য কলহ।

গত ১১ এপ্রিল মতিউর তার স্ত্রীকে না জানিয়ে শ্বশুরবাড়ি চলে যান। সেখানে থেকে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডা হয় বিউটির। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, তিনি তার ছেলে মুসাকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেছেন।

তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। টাকার অভাবে ঢাকায় না নিয়ে ১৫ এপ্রিল দিবাগত রাতে আবার পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মারা যায় মুসা, আর এক ঘণ্টা পর মা বিউটিও মারা যান।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বিষপানে মা ও সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights