স্বামীর সহায়তায় গৃহবধূকে কুপিয়েছে শ্বশুর

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামে জান্নাতি (২৫) নামে এক গৃহবধূকে বটি দিয়ে নির্মমভাবে কুপিয়েছে তার শ্বশুর।

শুক্রবার দুপুরে নিজ বাড়িতে স্বামী রিপন শেখ এবং শাশুড়ি লাইলী বেগমের সহায়তায় গৃহবধু জান্নাতিকে কুপিয়ে জখম করে তার শ্বশুর মান্নান শেখ। বর্তমানে সে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন জান্নাতি জানায়, প্রেমের সম্পর্কের জেরে প্রায় সাড়ে তিন বছর পূর্বে রিপনের সাথে তার বিয়ে হয়। রিপন-জান্নাতি দম্পতির ঘরে একটি কন্যা শিশু রয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পারিবারিক একটি দ্বন্দ্বের বিষয় প্রতিবেশী নারী শিল্পীর কাছে অভিযোগ দেওয়ার জের ধরে শুক্রবার দুপুরে রিপন জান্নাতিকে মারধর করে। এক পর্যায়ে শাশুড়ি লাইলী গৃহবধু জান্নাতির হাত-পা চেপে ধরে এবং তার শ্বশুর মান্নান বটি দিয়ে তার মাথা, গলা, পেট ও বুকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবিদ মো. হোসেন জানায়, ঘটনার পর পুলিশ গৃহবধু জান্নাতির স্বামী রিপন এবং শ্বশুর মান্নানকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights